পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লোহালিয়া নদীর বগা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।


এর আগে ২১ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে রওনা দেন তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগা ফেরিঘাটে পৌঁছে ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। এ অবস্থায় অসাবধানতাবশত পা পিছলে তিনি লোহালিয়া নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই আশপাশের লোকজন তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জেলে ও এলাকাবাসী রাতভর নদীতে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অন্ধকার ও নদীর স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। বুধবার সকালেও পুনরায় অভিযান চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানা যায়, নিখোঁজ ব্যক্তির মরদেহ নদীতে ভেসে উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available