• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৮:৩০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত, আহত ১

৫ জুন ২০২৬ সকাল ০৯:২৩:৩৯

বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত, আহত ১

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ ৫ জুন শুক্রবার ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের তিন আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত এক কিশোরীকে স্থানীয়রা উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us