চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
১২ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টার দিকে উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত অটোরিকশা চালকের নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের নতুন রঘুনন্দন চৌধুরীহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নজরুল ইসলাম নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রীসহ নোয়াপাড়া–পথেরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে কাপ্তাইমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাসের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। পরে উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available