বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিরোধের জেরে বড়ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। নিহতের নাম সাব্বির আহমেদ বাবু (৩৮)।
নিহত সাব্বির আহমেদ বাবু ও অভিযুক্ত বড় ভাই জহিরুল ইসলাম ওরফে বিপুল মোল্লা ওই এলাকার মোল্লা বাড়ির মৃত দিলির হোসেন মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাব্বির আহমেদ বাবু। পরে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দেড়টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন অভিযুক্ত বিপুল। এমনকি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও চিকিৎসা দিতে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশুকন্যাকে নিয়ে চরম অসহায়ত্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে এখন শুধুই অন্ধকার।’
অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় সাব্বির মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। পরে নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন দেখা যায় বলেও জানান তারা।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available