নিজস্ব প্রতিবেদক: রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিতে পারে ভয়ংকর কালবৈশাখী ঝড়। এ সময় বজ্রবৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে দেশের বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা—বিডব্লিউওটি। আগামী ২৪ ঘণ্টা সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে এটি।
৮ এপ্রিল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছে সংস্থাটি।


বার্তায় বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় গর্জন। ইতোমধ্যেই দেশের অধিকাংশস্থানে এর প্রভাবে বজ্রবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আবারও দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি।

বিডব্লিউওটির বার্তায় আরও বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ডের ওপর তৈরি বজ্রমেঘ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রকাণ্ড কালবৈশাখী ঝড়ে পরিণত হতে পারে। আর রাতের দিকে এটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। এর প্রভাবে আগামী ১২-২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।
এ অবস্থায় রাত্রিকালীন নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। এছাড়া, নদীপথের জলযানগুলোকে ঝড়-বৃষ্টির আলামত দেখে নিরাপদে চলাচলেরও পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঢাকাসহ সারাদেশে অন্তত দুই দিনব্যাপী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।
পরদিন শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।
এছাড়া, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরদিন রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এ সময়ে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available