ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সম্প্রতি ওঠা ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন তিনি। নিজের অবস্থান পরিষ্কার করতে এবং সর্বসাধারণকে প্রকৃত সত্য জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বক্তব্য প্রকাশ করেছেন এই জনপ্রতিনিধি। ভিডিওতে তিনি প্রমাণসহ উপজেলার উন্নয়ন প্রকল্পের বরাদ্দের পুঙ্খানুপুঙ্খ হিসাব তুলে ধরেন।
হাসনাত আব্দুল্লাহ জানান, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে যে ১০ কোটি টাকা নেওয়ার দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অর্থে, দেবিদ্বার উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সরকারি নিয়ম মেনে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন খাতে সুনির্দিষ্ট বরাদ্দ পাওয়া গেছে, যা সরাসরি প্রকল্পের কাজে ব্যয় হচ্ছে।
ভিডিও বক্তব্যে তিনি দাপ্তরিক দলিলে উন্নয়ন প্রকল্পের তালিকা প্রদর্শন করেন, যেখানে দেখা যায় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে দেবিদ্বারে ১৪৮টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে সর্বমোট ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রদর্শিত তালিকা অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে দেবিদ্বারে এডিপি সাধারণ ৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ২৩ লাখ টাকা, এডিপি বিশেষ ৭৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছয় কোটি দুই লাখ টাকা, রাজস্ব/নিজস্ব খাতের ২৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৮১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি সাধারণ ১২টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৩৭ লাখ টাকা এবং এডিপি বিশেষ ৩৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৯৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জনগণের আমানত রক্ষা করা আমার প্রধান দায়িত্ব। কোনো ধরনের অপপ্রচার চালিয়ে দেবিদ্বারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।’ তিনি এই বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করতে যেকোনো তদন্ত বা যাচাই-বাছাইকে স্বাগত জানান এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available