টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
৪ অক্টোবর রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মিন্টু (৩২) ও ফারুক নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িত আরও ৩-৪ জন সদস্য পালিয়ে গেছে বলে জানা গেছে।
নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ওই স্থানে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টুকে (৩২) আটক করেন। আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ও পুলিশের অভিযানে ফারুক নামে আরও একজনকে আটক করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক দুজনকে ও ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available