নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক এলাকায় একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্রের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
১৭ আগস্ট সোমবার রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাসান ভূঁইয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেখানো ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে বাসা তল্লাশি করে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ আরও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, সে ডেমরা, আড়াইহাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি ও একটি হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available