পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে সেফটি ট্যাংকি পরিষ্কারে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৭ জুন বুধবার দুপুরে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দবুড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত নতুন সেফটি ট্যাংকির ভেতরে কাজ করতে গিয়ে প্রথমে নূহু ট্যাংকির মধ্যে পড়ে যান। তাকে উদ্ধার করতে গেলে আশরাফ মোল্লাও ট্যাংকির ভেতরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ট্যাংকির অংশ ভেঙে দুজনকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তারা মারা যান বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়দের ধারণা, সেফটি ট্যাংকির ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে সেফটি ট্যাংক বা বন্ধ স্থানে কাজের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available