মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ ঈদযাত্রাকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগের সত্যতা মিলেছে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসানের অভিযানে। ছদ্মবেশে নজরদারির মাধ্যমে ৪০ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা ও শোকজের নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ মে সোমবার সকালে পাটুরিয়া ঘাট এলাকায় গোপনে নজরদারির জন্য নৌ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে দায়িত্ব দেন প্রতিমন্ত্রী। পরে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ঘাট কর্তৃপক্ষ টিকিট বিক্রির দায়িত্বে থাকা মেসার্স মারুফ বিল্ডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জড়িতদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজিব আহসান বলেন, “ঈদযাত্রা স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কোথাও কোনো ত্রুটি বা অনিয়ম হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হয়েছে। কিছু জায়গায় টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “ঈদের পরেও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমাদের তদারকি কার্যক্রম চলমান থাকবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available