• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:৪৬:৫০ (23-May-2026)
  • - ৩৩° সে:

বাঞ্ছারামপুরে নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

২৩ মে ২০২৬ রাত ০৮:৫৯:২৯

বাঞ্ছারামপুরে নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন দিন নিখোঁজ থাকার পর সবুজ মিয়া (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৩ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবুজ মিয়া একই গ্রামের পশ্চিমপাড়ার সরকার বাড়ির মৃত আবু সিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাককান্দা গ্রামের সাইদুল ইসলামের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সবুজ মিয়ার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই বাছির উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে সবুজ মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিনি দাবি করেন, সবুজ মিয়াকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি বিভিন্ন মাজারে যাতায়াত করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us