কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ২৯ মার্চ রোববার সন্ধ্যার পর জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির তীব্রতা দেখা যায়। এর মধ্যে কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় বড় আকারের শিলা পড়ার খবর পাওয়া গেছে।
তবে আজ সোমবার সকালে উপজেলার পাঁচকাহুনিয়া মাঠ থেকে প্রায় ‘এক মণ’ ওজনের একটি বিশাল শিলাখণ্ড পাওয়ার দাবি করেছেন এক কৃষক, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। আজ সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের জমি দেখতে গিয়ে মাঠে বড় আকারের একটি বরফখণ্ড পড়ে থাকতে দেখেন।

কৃষ্ণচন্দ্র অধিকারী জানান, ‘সকালে মাঠে গিয়ে দেখি বিশাল এক শিলাখণ্ড পড়ে আছে। ওজন বেশি হওয়ায় একা তুলতে পারিনি। পরে একটি অংশ ভেঙে বাজারে নিয়ে আসি।’
তিনি দাবি করেন, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি ছিল।
এদিকে, অস্বাভাবিক বড় এই শিলাখণ্ড দেখতে স্থানীয় বাজারে মানুষের ভিড় জমে যায়। এলাকাবাসীর ভাষ্য, সাধারণত ছোট বা মাঝারি আকারের শিলা দেখা গেলেও এ ধরনের বড় শিলাখণ্ড আগে কখনও আকাশ থেকে পড়তে দেখেননি তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available