খুলনা ব্যুরো: খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. লক্ষিন্দার কুমার দে জানান, আহতদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ফাহিমা খাতুনকেও তার ইচ্ছায় ঢাকায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আনিসুর রহমানের ঘাড়ে তিনটি এবং রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে। রঞ্জুয়ারা বেগমের বুকে দুটি এবং ফাহিমা খাতুনের পায়ে একটি গুলি বিদ্ধ হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। প্রায় আট মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে গত ডিসেম্বর মাসে রাশেদুলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন ফাহিমা। এ নিয়ে ইমরান আগে থেকেই হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আহত ফাহিমা খাতুন অভিযোগ করে বলেন, সকালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে তার সাবেক স্বামীও ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available