ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ও ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ইউনিয়ন পরিষদ আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের ৬ হাজার ১৪৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, তিনটি ধাপে মোট ৬ হাজার ১৪৫ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হবে। এর মধ্যে শুক্রবার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ১ হাজার ৬২০ জন, শনিবার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ২ হাজার ১৪ জন এবং রবিবার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ২ হাজার ৫১১ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এই ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হক সরকার, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলায় একটি পৌরসভা ও ৪ টি ইউনিয়নের মধ্যে, ঘোড়াঘাট পৌরসভায় ১ হাজার ৫৪৯ জন, ১ নং বুলাকীপুর ইউনিয়নে ৫ হাজার ৭৫৫ জন, ২ নং পালশা ইউনিয়নে ৫ হাজার ৬৬৭ জন, ৩ নং সিংড়া ইউনিয়নে ৬ হাজার ১৪৫ জন এবং ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নে ২ হাজার ৮৮৬ জন উপকারভোগীকে এ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available