রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবের আশঙ্কার মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল মজুদ করে বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ ক্রেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীরহাট এলাকায় জ্বালানি তেল বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কিছু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের কাছে তেল বিক্রি না করে ড্রামভর্তি করে বিভিন্ন ইটভাটায় পাঠিয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং পরিবহন চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, রানীরহাটের একটি তেল বিক্রয়কেন্দ্রের সামনে তেল নেওয়ার জন্য পরিবহন চালকদের দীর্ঘ লাইন। অনেক চালক অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না।

কয়েকজন চালক জানান, জ্বালানি তেল না পাওয়ায় তাদের যানবাহন চালাতে সমস্যা হচ্ছে। তাদের দাবি, ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ড্রামভর্তি করে ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, চন্দ্রঘোনা এলাকার একটি পেট্রোল পাম্পে কয়েকদিন তেল নেই বলে জানানো হলেও পরে অতিরিক্ত দামে তেল বিক্রির ঘটনা ঘটেছে।
পরিবহন চালক ও স্থানীয়দের দাবি, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন। দ্রুত ব্যবস্থা নেওয়া হলে চালক ও সাধারণ মানুষ ন্যায্যভাবে জ্বালানি তেল পেতে পারবেন বলে তারা মনে করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available