মিরপুর-ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় দিনদুপুরে শেখ সাগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৮ মার্চ রোববার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাস এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। সাগর পেশায় রাজমিস্ত্রি ছিলেন।


স্থানীয়রা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কারবারসংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সকালে নিহত সাগরের খালাতো ভাই তৌফিককে মারধর করেন সাগরের বন্ধু প্রবাল, ভিকি ও বিজয়। এরপর দুপুর ১টার দিকে শহরের চৌড়হাস কোল্ড স্টোর মোড় এলাকায় স্থানীয় মাদকসেবী কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এতে সাগর মারাত্মকভাবে আহত হয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়।
নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, ‘সাগর ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে, তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
তৌফিক আরও বলেন, ‘ভাইয়ের সাথে তাদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তা জানি না। আমাকে মারলে ভাই ছুটে আসবে সে জন্য মেরেছে। আমি বলছি না এরাই আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু সকালে এদেরকে ধারালো অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখেছি।’
নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালে নিয়ে আসা নিহত সাগরের দুজন পরিচিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন বিরোধের জের ধরে নিজের বন্ধুরাই সাগরকে হত্যা করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সেই সাথে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available