চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই শাহাব উদ্দিন শাবুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।


৫ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশ গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহাব উদ্দিন শাবু (৩৪) ও তার সহযোগী মো. পারভেজ (৩৭)। শাহাব উদ্দিন শাবুর বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপরদিকে পারভেজের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজারা ইউনিয়নে। বর্তমানে তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং-এর সার্বিক দিক-নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতার শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই এবং দ্রুত বিচার আইনে মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available