স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে হাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।


আটকরা হলেন- ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে হৃদয় (২৩), একই এলাকার তৈয়বপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে সুমন (২০), ধনিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ (৩০) এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে জড়ো করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে হাতেনাতে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার পর স্থানীয়রা তাদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে যায়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ৮টি ঘোড়া জবাইয়ের সময় স্থানীয়রা চারজনকে আটক করে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available