স্টাফ রিপোর্টার, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে র্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রাইভেটকারে কক্সবাজার থেকে আনা ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।


এর আগে, সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় নাছির উদ্দিনের ফলের আড়তের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়নপুর গ্রামের মো. হারুন ভূঁঞা (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেবারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬ নম্বরের একটি কালো টয়োটা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধার মোট ইয়াবার পরিমাণ ৮ হাজার ৮৪০ পিস। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক পাচার রোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available