শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, তার সঙ্গে ছোট বোনজামাই নবিছদ্দির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন জানান, আহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনার পরপরই অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available