শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামের একটি ছোট আমগাছের ডালের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।


নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন শ্রমিক দলের গোসাইরহাট ইউনিয়ন শাখার সদস্য ছিলেন। এর আগে রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার শেষে জয়নুদ্দিন ঢালী বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান।
সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের বিলসংলগ্ন এলাকায় একটি ছোট আমগাছের ডালের সঙ্গে মাফলার দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাতিজা মো. ইব্রাহিম বলেন, রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তার চাচা আর ফেরেননি। সকালে স্থানীয়দের নিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে সন্ধ্যায় বাড়ির পাশেই আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী দলের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং এলাকায় সুনামের সঙ্গে চলাফেরা করতেন। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available