সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

১১ বুধবার দুপুরে আড়াইহাজারে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আজাদ বলেন, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিচ্ছেন। তিনি দাবি করেন, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের ‘ডাকাতের সরদার’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করা হচ্ছে, যা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “অভিযোগ করলে সেটির গ্রহণযোগ্যতা ও সামঞ্জস্য থাকতে হবে। ভিত্তিহীন অভিযোগ করলে অভিযোগকারীদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। স্থানীয় মানুষ আমাদের চেনে এবং আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত।”
নজরুল ইসলাম আজাদ আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি বিভিন্ন এলাকায় বসে টাকা বিতরণ করছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা, থানা পুলিশ ও দায়িত্বরত সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। তার দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরপেক্ষভাবে প্রকৃত দুর্বৃত্তদের খুঁজে বের করে এবং কোনো নির্দিষ্ট দলের নেতাকর্মীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা না করে।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব জনগণের সেবা করা। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, যাতে সব প্রার্থী ও ভোটাররা আতঙ্ক ছাড়াই ভোট দিতে পারেন।”
বিএনপি প্রার্থী আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর একটি ভোটমুখী রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। উৎসবমুখর পরিবেশে মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং গণতন্ত্রের জয় হয়—সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available