কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

৪ ফেব্রুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র (কাপ-পিরিচ) প্রতীকের দুই প্রার্থীর নির্বাচনী অফিস পাশাপাশি অবস্থিত। সন্ধ্যার দিকে ওই বাজারে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এরপর পাশের পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় মারপিটে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক এবং ধানের শীষ প্রতীকের এক সমর্থক আহত হন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available