অনলাইন ডেস্ক: সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে এশিয়ান গেমসে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। অথচ এবারের গেমসে আসার আগে ক্রিকেট নিয়ে বরাবরের মতই প্রত্যাশার মাত্রাটা ছিল একটু বেশি।
বৃষ্টির কারণে সোয়া একঘন্টা দেরীতে শুরু হওয়া ম্যাচটির ওভার সংখ্যা কমিয়ে ১৩ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৯ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস পরাজয়ের কারন হিসেবে টস, উইকেট, মিডল ওভারে বোলারদের খরুচে বোলিংকে দায়ী করেছেন।
মোস্তাফিজের ২ ওভারে ৪১ রান আসছে, একটু কি বেশী হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘দেখেন, ও আমাদের টিমের বেস্ট বোলার অনেক বছর ধরে। ক্রিকেটে আপনি কখনো একই ওয়েতে যেতে পারবেন না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা সুইটেবল ছিল না।’
তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওই ওভার বাউন্ডারিগুলো কম খেতাম তাহলে চান্স বেশি থাকত।
উইকেট নিয়ে আক্ষেপের কথা বলতে গিয়ে লিটন বলেন, আপনি যদি দেখেন যে আমরা অনেক দিন ধরে রুমে বসা, আমরা টসে হেরে গেছি। তো আমাদের হাতে তো কোনো অপশন ছিল না, উইকেটটাও একটু কঠিন ছিল। যদি ভালো খেলতে পারতাম ভালো হতো, এটা খুব সহজ না যে আপনি এতদিন বসে থাকবেন এবং মাঠে নেমে খুব এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলবেন। কিন্তু তারপরও হৃদয়কে ধন্যবাদ। ও আমাদের টিমকে কামব্যাক করিয়েছে ওই জায়গা থেকে। মোসাদ্দেক এবং হৃদয়ের পার্টনারশিপটা খুবই ভালো ছিল।
উইকেটের আচরণটা পরের দিকে গিয়ে একটু পরিবর্তন হয়েছে। যা পাকিস্তানের ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে। লিটনও সেটা স্বীকার করেছেন, ‘স্বাভাবিক, অনেক দিন ঢেকে রাখার পর যখন উইকেটটা খেলা হবে ২০টা ওভার আপনি একটা আইডিয়া পাবেন। আমাদের হাতে তো কোনো আইডিয়া ছিল না। কারন আমরা গত কয়দিন ধরে কোনো গেমও দেখিনি এবং উইকেটে প্র্যাকটিস করার সুযোগও ছিল না। সে কারনে আইডিয়া ছাড়া আমরা ক্রিকেট খেলেছি ফার্স্ট কয়েকটা ওভারে। এরপর আস্তে আস্তে ব্যাটসম্যানরা আইডিয়া পেয়েছে।
২০২৩ সালে সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছিল। এবার সুযোগ ছিল পদকের রংটা বদলানোর। কিন্তু সেটা সফল হয়নি। এবারও অন্তত সেই একই পদকের লড়াইয়ে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ শ্রীলংকা।
২০১০ সালে স্বর্ণপদক পেয়েছিল পুরুষ ক্রিকেট দল। এখন পর্যন্ত এশিয়াডে এটাই লাল সবুজের সেরা অর্জন। এরপর বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। কিন্তু ২০২৬ সালে এসেও সেই স্বর্ণটা আর পুনরুদ্ধার করা হয়নি। ব্রোঞ্জেই আমরা আটকে আছি।
এ সম্পর্কে লিটন বলেন, বিষয়টা সত্যি হতাশার। আমাদের অবশ্যই গোল্ড পেতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি, তবে এবারও হয়নি। আবার ভবিষ্যতে কোনো না কোনো টিম আসবে, তারা চেষ্টা করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available