স্পোর্টস ডেস্ক: মিরপুরের পর সিলেটেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। প্রথম টেস্টের মতো এবারও টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে স্বাগতিকদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট গত কয়েক দিন ধরেই সবুজে ঢাকা। উইকেটে তাজা ঘাসের পাশাপাশি সকালের আকাশে রয়েছে মেঘের আনাগোনা। পেস-সহায়ক এমন কন্ডিশনে টস জিতে ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি পাকিস্তান অধিনায়ক। উদ্দেশ্য পরিষ্কার—ম্যাচের শুরুতে কন্ডিশনের পুরো সুবিধা তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরা।


পেস স্বর্গ বিবেচনা করে বাংলাদেশ দলও তাদের পেস আক্রমণে এনেছে একটি পরিবর্তন। মিরপুর টেস্টে ১৪ ওভার বল করে উইকেটের দেখা না পাওয়া ইবাদত হোসেনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পেস আক্রমণের বাকি দুই অস্ত্র হিসেবে আছেন প্রথম টেস্টে দুর্দান্ত বল করা নাহিদ রানা ও অভিজ্ঞ তাসকিন আহমেদ।

এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ তিন টেস্টের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে রাওয়ালপিন্ডির মাটিতে ২–০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর, মিরপুরেও সেই ধারা ধরে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটের সবুজ উইকেটে আরেকটি জয় তুলে নিয়ে পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার লক্ষ্য এখন বাংলাদেশের সামনে।
শুরুতেই মেঘলা আকাশ আর পেসারদের চ্যালেঞ্জ সামলে স্কোরবোর্ডে বড় রান তোলাই এখন প্রধান লক্ষ্য বাংলাদেশের উদ্বোধনী জুটির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available