ডেস্ক রিপোর্ট: তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে আজ ৮ নভেম্বর রোববার থেকে মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হচ্ছে।
তিন দিনব্যাপী এ কার্যক্রমে আবেদনকারীদের ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগের সম্ভাবনা এবং তা বাস্তবায়নের সক্ষমতা মূল্যায়ন করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা। ৮ থেকে ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এ সময় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি তাঁদের ব্যবসায়িক উদ্যোগ যাচাই করে অর্থায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির পূর্ণ নাম ‘উপজেলা ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ’। তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর আওতায় উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হবে।
মানিকগঞ্জের উদ্যোক্তা বাছাই কার্যক্রমে মূল্যায়নকারী হিসেবে থাকছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এবং নিট পোশাকশিল্প মালিকদের সংগঠনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
এ ছাড়া মূল্যায়ন প্যানেলে থাকবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের আবেদনকারীদের চূড়ান্ত মূল্যায়ন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রথম পর্যায়ের জেলাগুলোতে ব্যাপক সাড়া পাওয়ায় পর্যায়ক্রমে দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ চলছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available