ডেস্ক রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
১ জুন সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।
সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে কিছু সময় পর তারা আবারও আশপাশের এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে।
আন্দোলনকারীদের দাবি, ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের মাধ্যমে ব্যাংকে পুনরায় অনিয়ম ও আর্থিক দুর্নীতির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা এই নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন।
ঘটনার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, কয়েকশ আন্দোলনকারী ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান নিলে মতিঝিলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় যান চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে থাকে।
তিনি জানান, আন্দোলনকারীদের বারবার সরে যেতে অনুরোধ করা হলেও তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, সাউন্ড গ্রেনেডসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডিসি নাসিরুদ্দিনের দাবি, এ ঘটনায় মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) পেট্রোলসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available