ডেস্ক রিপোর্ট: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৬ অক্টোবর সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর (শনিবার) সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে এদিন নয়াপল্টন থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারাদেশে জেলা-উপজেলা কার্যালয় থেকেও র্যালি বের করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, দিবসটিকে ঘিরে বরাবরের মতো আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই সঙ্গে ফাতেহা পাঠ করা হবে।
এ ছাড়াও দিবসটিকে ঘিরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করবে। এ সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আলোকচিত্র প্রদর্শনী করবে।
দেশের সব জেলাগুলোতেও জাতীয় কর্মসূচির আলোকে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হবে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত এই মহাসচিব বলেন, এর বাইরেও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। তবে বিএনপির কর্মসূচির মধ্যে আলোচনা সভার তারিখ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেতাদের আলোচনার পর নির্ধারণ করা হবে। এ সময় সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৬ নভেম্বর (শুক্রবার) ওই আলোচনা সভা অনুষ্ঠিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available