• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৬:৫২ (23-Jul-2026)
  • - ৩৩° সে:
অসুস্থ হয়ে মারা গেলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক

অসুস্থ হয়ে মারা গেলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক

অনলাইন ডেস্ক: কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লার বেসরকারি মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্মগ্রহণকারী সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।বর্তমানে তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের মৃত্যুতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি