নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন।আজ ৩১ জুলাই শুক্রবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে সংগীত বাজানো এবং ধর্মীয় পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে দুইজন নিহত হন।এরপর বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ চলাকালেও বিক্ষোভের সময় আরও একজন নিহত হন। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।এ ব্যাপারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, সরকার নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দল এবং গণমাধ্যমের প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানাচ্ছি।তিনি এ ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, দায়ীদের আইনের আওতায় আনা হবে।নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনসম্পদ রক্ষা এবং ন্যূনতম বলপ্রয়োগের মাধ্যমে নতুন করে সংঘর্ষ এড়াতে তারা কাজ করছে।উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।