রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি আইসিজের রায়: এইচআরডব্লিউ
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে তাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে এ রায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। এর আগে একই দিন গাম্বিয়ার করা মামলায় ২০১৬-২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকরা। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থন এবং ৬ জনের বিরোধিতায় রায়টি গৃহীত হয়। কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়।হিউম্যান রাইটস ওয়াচের আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ ঐতিহাসিক রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি। একই সঙ্গে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে এ রায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।আদালত বলেছেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার। গণহত্যা প্রতিরোধ এবং এ অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে দেশটি। আদালতের এ রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় অন্যান্য সংস্থা রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে ছিল হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ। সব প্রমাণ পর্যালোচনা করে আদালত সিদ্ধান্তে পৌঁছেছেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল।২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযান শুরু করে। এর ফলে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এ ঘটনায় ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া।রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনকারী কর্মকাণ্ড বন্ধ, গণহত্যার অভিযোগ তদন্ত এবং দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং একই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।রোহিঙ্গা ভুক্তভোগীদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করার অধিকার গাম্বিয়ার রয়েছে বলেও উল্লেখ করেছেন বিচারকরা। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে মিয়ানমারকে। এসব ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব না হলে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২৩ সালের শেষ দিক থেকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মির সংঘাতের মধ্যে পড়ে মানবিক সংকটে রয়েছেন রোহিঙ্গা বেসামরিক নাগরিকরা। উভয় পক্ষের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, ব্যাপক অগ্নিসংযোগ ও বেআইনি নিয়োগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।সংস্থাটির ভাষ্য, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং বর্ণবৈষম্য, নিপীড়ন ও বেআইনি আটকের মতো মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া আরাকান আর্মির বিরুদ্ধে জোরপূর্বক শ্রমে নিয়োগ, বিনা কারণে আটক এবং যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এমন গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। কোনো পক্ষ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যেতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ রায় বাস্তবায়নে সুপারিশ করতে পারে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে। তবে এ পর্যন্ত আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে নিরাপত্তা পরিষদ এ ক্ষমতা প্রয়োগ করেনি।মারিয়া এলেনা ভিগনোলি বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন করা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, সংঘটিত নৃশংসতার বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখা, মিয়ানমারের জান্তাকে আদালতের রায় মানতে চাপ দেওয়া এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করা।এটিভি/এসআইআর