নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার
নওগাঁ প্রতিনিধি: দেড় মাসে হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে নওগাঁ জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এসব মোবাইল উদ্ধার করা হয়।জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইলগুলো উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়।শনিবার সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১২৬টি মোবাইল সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।মোবাইলের মালিকেরা জেলা পুলিশের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হারানো মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। পুলিশের তৎপরতায় সেটি সম্ভব হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে সব হারানো মোবাইল উদ্ধার সবসময় সম্ভব হয় না। তবে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরও জোরদার করবে।