স্বর্ণ জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
স্পোর্টস ডেস্ক: ভারতীয় নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।গত বছর ঘরের মাঠে হারমানপ্রীতের ক্যাপ্টেন্সিতে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। গত মাসে নিশিনে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বার স্বর্ণ জেতানোই ছিল অধিনায়ক হিসেবে তার শেষ দায়িত্ব। বিসিসিআইয়ের পর্যালোচনা সভার একদিন পরই এলো তার এই সিদ্ধান্ত।ইনস্টাগ্রাম পোস্টে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন, আজ আমি প্রবল আবেগ নিয়ে অধিনায়কত্ব ছাড়ছি, তবে অন্তরে শান্তিও আছে। কারণ আমি সত্যিই বিশ্বাস করি, আমার দল এখন ভালো জায়গায় আছে। এই দলে প্রতিভা আছে, ক্যারেক্টার আছে, বিশ্বাস আছে এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যৎ দেখতে ও তার অংশ হয়ে থাকতে আমি ভীষণ আগ্রহী।২০১২ সাল থেকে ভারতকে নেতৃত্ব দিয়ে আসছেন হারমানপ্রীত। তবে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়কত্ব পান ২০২৩ সালে।ভারতের হয়ে ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ১৫৫টি টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন হারমানপ্রীত। নেতৃত্ব ছাড়লেও ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।