যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
আন্তর্জাতিক ডেস্ক: এবার খোদ যুক্তরাষ্ট্রের হামের প্রকোপ দেখা দিয়েছে বলে জানা গেছে। দেশটির পেনসিলভেনিয়ায় হামজনিত জটিলতার কারণে চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ। এই রোগের প্রাদুর্ভাবে ইতোমধ্যেই শত শত মানুষ আক্রান্ত হয়েছেন।পেনসিলভেনিয়ার মিফ্লিন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা- অ্যাকিউট এনসেফালোমাইলাইটিস-এর কারণে মারা গেছেন।চলতি বছর 'কিস্টোন স্টেট'-এ ছয়শো জনেরও বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা।জানা গেছে, টিকার সহায়তায় যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূল করতে সক্ষম হয়েছিল। তবে চলতি বছর দেশটি ১৯৯০-এর দশকের পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড দেখলো।গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছিল (যাদের মধ্যে দুই শিশু ছিল), যা প্রধানত মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ায় টিকাদানের হার কমে গেছে, যার ফলে হাম আক্রান্তের সংখ্যাও বাড়ছে।পেনসিলভেনিয়া রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে ১৮ বছর বয়সী এবং ৪০ বছর বয়সী যে দুজন হামজনিত জটিলতায় মারা গেছেন- তারা উভয়ই টিকাবিহীন ছিলেন।এছাড়াও দুই শিশুর মৃত্যু হয়েছে। মার্কিন শিশুরা সাধারণত ১২ মাস বয়স না হওয়া পর্যন্ত তাদের প্রথম এমএমআর (হাম, মাম্পস এবং রুবেলা) টিকা পায় না।ডেমোক্রেটিক গভর্নর জশ শাপিরো ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘এই রোগটি ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মূল বলে ঘোষণা করা হয়েছিল। অথচ কয়েক দশক পরে, কম টিকাদানের হারের কারণে আমরা এর পুনরুত্থান দেখছি।’সূত্র: বিবিসি