• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪৬:৪৩ (18-Apr-2026)
  • - ৩৩° সে:
কালিয়াকৈরে ইবনে সিনা কর্মচারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার

কালিয়াকৈরে ইবনে সিনা কর্মচারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সাফিকুল ইসলাম ওরফে বুলবুল হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে শফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সাফিকুল ইসলাম বুলবুলকে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে যায়। পরদিন ১৬ এপ্রিল সকাল ছয়টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে নিহতের স্ত্রী ফরিদার সহায়তায় শনাক্ত করেন।তদন্তে জানা গেছে, ঘটনার রাতে বুলবুল তার স্ত্রীকে আনতে শফিপুর ফ্লাইওভারের নিচে অপেক্ষা করছিলেন। এ সময় গ্রেফতারকৃত আসামিরাসহ কয়েকজন অটোরিকশাযোগে এসে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে মারধর করা হয় এবং এক পর্যায়ে তার বাম উরুতে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার একাডেমির অদূরে ফুটপাতের পাশে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পরে দুর্বৃত্তরা তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন—কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন মাসুদ এবং একই এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে রিপন মিয়া। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।