অব্যবহৃত অংশ বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির
ডেস্ক রিপোর্ট: অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে অব্যবহৃত অংশ বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ। পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি সরকার।১৪ নভেম্বর শনিবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন সৌদি মন্ত্রী। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।বিশেষ করে, কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পুরোপুরি ব্যবহার করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব জানান সৌদি মন্ত্রী। এ ধরনের সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।এটিভি/ এইচকে