সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণের খনিতে ধস, নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন খনি শ্রমিক। সেই সঙ্গে বেশ কয়েক জন শ্রমিক খনিটিতে আটকা পড়েছেন।গত কাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় অবস্থিত সেই খনিটিতে ধস নামে বলে জানিয়েছেন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে নামের এক শ্রমিক। ধসের পর অল্প যে কয়েকজন শ্রমিক সেখান থেকে জীবিত অবস্থায় বের হতে পেরেছেন, ফ্লোরিয়ান তাদের মধ্যে একজন। উদ্ধারাকারী বাহিনীর সদস্যরা খনিটিতে আটকা শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন, তবে ফ্লোরিয়ান জানিয়েছেন, যে মাত্রার ধস নেমেছে, তাতে আটকা পড়া অধিকাংশ শ্রমিকের জীবিত অবস্থায় উদ্ধারের আশঙ্কা ক্ষীণ। কত জন শ্রমিকের সংখ্যা অবশ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি।নানা-মামবেরের ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকারী বাহিনীর দিনভর তৎপরতায় খনিটি থেকে ৩০ জন খনি শ্রমিকের মরদেহ এবং বেশ কয়েকজন শ্রমিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনাস্থল থেকে তোলা ভিডিও ফুটেজে বিশৃঙ্খল উদ্ধার প্রচেষ্টা ধরা পড়েছে। একটি ফুটেজে কাদামাখা খনি শ্রমিকদের, যাদের অধিকাংশই তরুণ-তরুণী, খাদ থেকে একটি মৃতদেহ টেনে বের করতে দেখা গেছে। সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন যে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ক্ষুদ্র খনি ধস বিরল কোনো দুর্ঘটনা নয়। দেশটিতে ছোটো আকারের শত শত স্বর্ণের খনি আছে এবং বহু মানুষ সেসব খনিতে শ্রমিক হিসেবে কাজ করেন।এসব খনিতে নিরাপত্তার ব্যবস্থার কোনো বালাই না থাকায় প্রায়েই ধস বা এ জাতীয় দুর্ঘটনা ঘটে।সূত্র: এএফপি, এনডিটিভি