দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ডাক বিভাগ
ডেস্ক রিপোর্ট: চিঠি বা প্যাকেটের পাশাপাশি এখন ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্রসহ বিভিন্ন ভারী পণ্যও পরিবহন করছে বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট। গত দুই মাসে এ সেবার মাধ্যমে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন করা হয়েছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। তিনি বলেন, দেশের আইনে অবৈধ নয়—এমন যেকোনো পণ্য ডাক বিভাগের মাধ্যমে পরিবহন ও বিলি করা যায়। ইতোমধ্যে মোটরসাইকেল, ফ্রিজ, আলমারি, ওয়ারড্রব, শিক্ষার্থীদের বিছানাপত্র, রান্নাঘরের বিভিন্ন সামগ্রী, এলইডি টিভি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বাইসাইকেলসহ নানা পণ্য পাঠানো হয়েছে।স্পিড পোস্টে প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা করে মাশুল নেওয়া হচ্ছে। গ্রাহকদের সুবিধায় চালু করা হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর। বর্তমানে রাজধানীর জিপিওসহ গুলশান, বনানী, মিরপুর ও উত্তরা এলাকার কয়েকটি ডাকঘর থেকে এ সেবা পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক পার্সেলের জন্য রয়েছে বৈদেশিক ইএমএস সেবাও।ডাক অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় ৪৮ ঘণ্টা এবং প্রত্যন্ত অঞ্চলে সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে পণ্য বিলির জন্য প্রস্তুত রাখার কথা। তবে বিস্ফোরক, দাহ্য ও বিপজ্জনক রাসায়নিক, মাদক, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং গ্যাস সিলিন্ডার স্পিড পোস্টে পাঠানো যাবে না।কাজী আসাদুল ইসলাম বলেন, সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার মূল লক্ষ্য মুনাফা নয়; বরং দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সেবা নিশ্চিত করা। ক্ষুদ্র উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতারা এ সেবা ব্যবহার করে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন বলেও জানান তিনি।তিনি আরও জানান, ভবিষ্যতে আন্তঃজেলা বাসাবদলের সেবাও চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ডাক বিভাগের লজিস্টিকস সক্ষমতা বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে পরিবেশবান্ধব প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৫০টি বৈদ্যুতিক বাইক সংগ্রহ করা হয়েছে।মেইল ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেইল প্রসেসিং সেন্টারকে পূর্ণ সক্ষমতায় ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জিপিও ক্যাম্পাস সম্প্রসারণ করে সেখানে আন্তর্জাতিক পার্সেল ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে। তেজগাঁও, কমলাপুরসহ তিনটি হাবের মাধ্যমে সমন্বিতভাবে মেইল ব্যবস্থাপনা পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।উল্লেখ্য, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্পিড পোস্ট সেবা চালু হয়। শুরুতে মৌসুমি ফল পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে নিত্যব্যবহার্য ও বড় আকারের বিভিন্ন পণ্য পরিবহনেও এ সেবা সম্প্রসারিত হয়েছে।সূত্র: বাসস