দুটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে গেছে ডাকাতরা
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুটের ঘটনা ঘটেছে। এ সময় ঘাটের এক বৃদ্ধ পাহারাদারকে হাত-পা বেঁধে রেখে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়। পরে পদ্মা নদীর মাঝামাঝি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বোট দুটি উদ্ধার করা হলেও ইঞ্জিন দুটি খুঁজে পাওয়া যায়নি।২১ জুলাই মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্তরা হলেন, শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ। তাদের মালিকানাধীন এসপিবি তাহেরা-৩০৭১০ ও এসপিবি আব্বাস-০১০১২১৬ নামে নিবন্ধিত দুটি স্পিডবোট ঘাটে নোঙর করা ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৩-৪ জন দুর্বৃত্ত ঘাটে থাকা পাহারাদার কোব্বাত আলীকে (৭০) হাত-পা বেঁধে ভয়ভীতি দেখিয়ে স্পিডবোট দুটি নিয়ে যায়। পরে কোব্বাত আলী চিৎকার করলে বাজার এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।পরবর্তীতে মালিকপক্ষ খোঁজাখুঁজি করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদীতে বোট দুটি উদ্ধার করে। তবে দুর্বৃত্তরা বোটের বডি রেখে দুটি ইঞ্জিন খুলে নিয়ে যায়। লুট হওয়া ইঞ্জিন দুটির আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন মালিকরা।এ ঘটনায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।