চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের রাউজান ও নগরীতে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।২৬ জুন শুক্রবার দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ সেপটিক ট্যাংকে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারে নিচে নামেন সমীরণ দাশ। তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, একই দিন বেলা ২টার দিকে নগরীর ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের একজনের নাম সাকিব। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ জানায়, দুইজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।