সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ দোকান পুড়ে ছাই
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।৪ জুলাই শনিবার সকাল প্রায় ১০টার দিকে নোয়াখালী-ফেনী চার লেন মহাসড়কের পাশে ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আশপাশের কয়েকটি দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ এবং দুটি দোকান আংশিক পুড়ে যায়।আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- ফারুকের হোটেল, হানিফের বিসমিল্লাহ স্টোর এবং মফিজের মদিনা বেডিং সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মানিকের টায়ারের দোকান ও একটি চায়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮ লাখ টাকার মালামাল ও ব্যবসায়ীক সম্পদ পুড়ে গেছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।সেনবাগ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাসান মণ্ডল অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।