• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৬:৫১ (08-Feb-2026)
  • - ৩৩° সে:
অবশেষে ভারতে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং শুরু

অবশেষে ভারতে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং শুরু

বিনোদন ডেস্ক: ভিসা জটিলতা ও নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ এর শুটিং। নির্ধারিত সময়ের বেশ পরে হলেও সব বাধা দূর হয়েছে এখন; বর্তমানে পুরোদমে কাজ চালাচ্ছে ‘প্রিন্স’ টিম। চলচ্চিত্রটির প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে বিলম্ব হওয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য থাকায় সময় বাঁচাতে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এমনকি বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। তবে গল্পের প্রয়োজনে ভারতের লোকেশনগুলো অপরিহার্য ছিল বলে শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার অপেক্ষা করছিলেন নির্মাতারা।ভারতে শুটিং শুরু হলেও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মুখ খুলতে রাজি নন পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মুহূর্তে নির্মাতাদের সম্পূর্ণ মনোযোগ কাজ দ্রুত শেষ করার ওপর। কোনো প্রকার বিড়ম্বনা এড়াতে এবং কাজের গতি ঠিক রাখতে তারা গোপনীয়তা বজায় রাখছেন। শুটিংয়ের একটি বড় অংশ শেষ করেই বড় কোনো ঘোষণা বা বিস্তারিত তথ্য জানাবেন তারা।ভিসা জটিলতায় শুটিং পেছালেও সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে উৎসবের বড় চমক। এখন ভারতে নিরবচ্ছিন্নভাবে কাজ শেষ করতে পারলে নির্দিষ্ট সময়েই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করা হচ্ছে।