ডিবির অভিযানে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
ডেস্ক রিপোর্ট: সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পুলিশের সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালককে আটক করার খবর পাওয়া গেছে।২৯ নভেম্বর রোববার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সায়লা ফারজানা, তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক।সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তাঁর স্বামী মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান। তাঁকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি ভারতে চলে গেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিসে যান সায়লা ফারজানা। ওই সময় তিনি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত সায়লা ফারজানা অফিসে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কয়েকজন কর্মকর্তা তাঁর কক্ষে প্রবেশ করেন। তাঁরা তাঁর অফিসে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাঁকে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন।পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁকে উদ্ধার করেন। এরপর পুলিশি পাহারায় তাঁকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়।এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত ২৬ অক্টোবর দুদক মামলার বিষয়টি প্রকাশ করে। মামলায় মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।দুদকের অনুসন্ধান অনুযায়ী, রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে তাঁর স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে একই ধরনের ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকার সম্পদের অভিযোগ রয়েছে।দুদকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত রেজাউল আলম শাহীনের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩৮ টাকার লেনদেন হয়েছে। এসব হিসাবে জমা ও উত্তোলন মিলিয়ে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি।এ ছাড়া শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকার লেনদেন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।এটিভি/এসআইআর