• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৩৭:৪১ (17-Sep-2026)
  • - ৩৩° সে:
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

অনলাইন ডেস্ক: নেত্রকোণায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২৩) দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সাদিয়া আক্তার নেত্রকোণা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নেত্রকোণা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাদিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদিয়ার বিরুদ্ধে কয়েকজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেলে কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।ঘটনার পরদিন ৯ সেপ্টেম্বর সকালে পৌর শহরের বলাইনগুয়া চেয়ারম্যানবাড়ি এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় প্রতারণার মামলা করেন। পরে পুলিশ সাদিয়া আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।১৬ সেপ্টেম্বর দুপুরে জামিনে মুক্ত হয়েছেন সাদিয়া আক্তার। জামিনে কারামুক্তির পর তার সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য জানা সম্ভব হয়নি।সূত্র: চ্যানেল ২৪