• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৭:০৪ (18-Nov-2026)
  • - ৩৩° সে:
সাইবেরিয়ায় রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

সাইবেরিয়ায় রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। ১৭ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় দুর্ঘটনাটি ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের সামরিক পরিবহন বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত ফ্লাইটে থাকা উড়োজাহাজটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজের ক্রুসহ ১৯ জনের সবাই নিহত হন। খবর রয়টার্সের।প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে রুশ বিমানবাহিনীর একটি তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন দুর্ঘটনার তদন্তে সহায়তা করাই ঘটনাস্থলে থাকা দলগুলোর প্রধান দায়িত্ব।অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাস্থল দেখিয়ে গভর্নর বলেন, উড়োজাহাজটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।প্রাথমিকভাবে রুশ সংবাদমাধ্যমগুলোতে নিহতের সংখ্যা ১৭ বলা হলেও পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।এটিভি/এসআইআর