দীপিকার সঙ্গে করা যে সিনেমাকে ‘ভুল’ বললেন সাইফ
বিনোদন ডেস্ক: বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলি খান। তবে পেছনে ফিরে নিজের কিছু কাজ নিয়ে এখন ভিন্নভাবে ভাবছেন এই অভিনেতা। ২০১২ সালে মুক্তি পাওয়া হোমি আদাজানিয়ার ‘ককটেল’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তকে এখন ‘ভুল’ বলে মনে করছেন তিনি।‘গালফ নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘ককটেল’-এ অভিনয়ের সিদ্ধান্তটি ছিল তার জন্য ‘অনিবার্য ভুল’। সিনেমাটির চিত্রনাট্যকে তিনি কিছুটা পশ্চাৎমুখী বলেও মন্তব্য করেন। তবে একই সঙ্গে সিনেমাটিকে হালকা, মজার ও বিনোদনধর্মী বলে উল্লেখ করেন তিনি।সাইফ জানান, চরিত্রটির প্রতি আকৃষ্ট হয়ে তিনি সিনেমাটিতে অভিনয় করেননি। বরং সিনেমাটি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকায় সেটি নির্মাণের স্বার্থেই অভিনয়ে রাজি হয়েছিলেন। তাঁর ভাষায়, তিনি জানতেন, সিনেমাটির সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ছিল ভেরোনিকা, যে চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন।‘ককটেল’-এ সাইফের সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।এদিকে ২০১৪ সালে মুক্তি পাওয়া সাজিদ খানের ‘হামশাকলস’ নিয়েও নিজের আক্ষেপের কথা জানিয়েছেন সাইফ। তাঁর মতে, ওই সিনেমায় তাকে ঠিকভাবে চরিত্রায়িত করা হয়নি এবং তিনি নিজেকেই ওই চরিত্রের জন্য ভুল নির্বাচিত মনে করেন।সাইফ বলেন, ‘হামশাকলস’ তার ধরনের সিনেমা নয়। এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য আলাদা ধরনের হাস্যরস ও অভিনয়শৈলী প্রয়োজন, যা তিনি হয়তো যথাযথভাবে তুলে ধরতে পারেননি। তাঁর মতে, অন্য কোনো অভিনেতা হয়তো চরিত্রটি আরও ভালোভাবে করতে পারতেন।সাইফের ধারণা, পরিচালক সাজিদ খান হয়তো চরিত্রটিকে এমনভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, যা অক্ষয় কুমারের মতো কোনো অভিনেতার ক্ষেত্রে বেশি মানানসই হতো। তবে নিজের সমালোচনা করলেও সিনেমাটি ও পরিচালক সাজিদ খানের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।এদিকে সাইফ আলি খানের নতুন সিনেমা ‘হাইওয়ান’ ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, শ্রিয়া পিলগাঁওকর ও সায়ামি খের।সূত্র: এনডিটিভি