• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:০৩:১৯ (14-Aug-2026)
  • - ৩৩° সে:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি

ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক ঢাকা নগরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’। ১৪ আগস্ট শুক্রবার সকালে ঐতিহাসিক ঢাকা গেট (মীরজুমলা গেট) থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরভবনে গিয়ে শেষ হয়।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে অনুষ্ঠিত র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানী ঢাকাকে আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।তিনি বলেন, ঢাকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং পরিবেশবান্ধব ও সবুজ নগর গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের আত্মিক বন্ধন তৈরি না হওয়ায় অনেকেই শহরটিকে আপন করে নিতে পারেননি। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নগরের পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।তিনি আরও বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নগরীর প্রতি নাগরিকদের দায়িত্ববোধ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাকার ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং নগরবাসীর মধ্যে পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।