রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
রাঙামাটি প্রতিনিধি: কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা যৌথ বাহিনী। অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে অন্তত ৩৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, বখাটেদের আড্ডাস্থল, মাদক বেচাকেনা ও সেবনের স্থানসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অতীত অপরাধের তথ্য যাচাই করতে পিসিবিআর (পুলিশ ক্লিয়ারেন্স/অপরাধের রেকর্ড) যাচাইসহ প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করা হচ্ছে।অভিযানকে কেন্দ্র করে শহরের শান্তিনগর এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগ, অভিযানে নিরীহ শিশু-কিশোরদেরও আটক করা হয়েছে। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে কিছু অভিভাবক ও স্থানীয় বাসিন্দা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে নিরীহদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। একই সময়ে রাতে কোতয়ালি থানায় আটক ব্যক্তিদের অভিভাবক, স্বজন ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়।রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যারা অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।