পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক দিনের এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে সামরিক বাহিনী।১৩ নভেম্বর শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে মির আলীতে ৩৫ জন এবং ওরাকজাইয়ে আটজন নিহত হন।সামরিক বাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক অবস্থানে হামলা চালানো হয়। সংঘর্ষের পর এলাকাগুলোতে তাদের নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে।এদিকে বেলুচিস্তানেও অভিযান চালিয়ে আরও ৩১ জনকে হত্যার দাবি করেছে আইএসপিআর। গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানায় হামলা চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটানোর জন্য তৈরি যন্ত্রও রয়েছে।আইএসপিআর আরও জানিয়েছে, আত্মগোপনে থাকা সশস্ত্র সদস্যদের শনাক্ত ও নির্মূল করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান চলবে বলেও জানানো হয়েছে।এদিকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) দ্বিতীয় প্রান্তিকের নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত পাকিস্তানে সহিংসতাসংশ্লিষ্ট ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে।প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে খাইবার পাখতুনখাওয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হন। সহিংসতার ঘটনাও সবচেয়ে বেশি ঘটেছে খাইবার পাখতুনখাওয়ায়। প্রদেশটিতে ১৫১টি এবং বেলুচিস্তানে ৯৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে।এটিভি/এসআইআর