• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৫:০৩ (17-Feb-2026)
  • - ৩৩° সে:
সংবিধান পরিবর্তন ছাড়া সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ নেই: আমীর খসরু

সংবিধান পরিবর্তন ছাড়া সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: সংবিধান পরিবর্তনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগ নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটাতো সাংবিধানিকভাবে করতে হবে। সংবিধান পরিবর্তনের আগে সেটা এই মুহূর্তে করার সুযোগ নেই। সাংবিধানিকভাবে সংসদ চলতে হবে তো।”বিএনপি জোট সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াত জোট সংসদ সদস্য হিসেবেও শপথ নেবে না বলে ঘোষণা দিয়েছে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তারা শপথ নেবেন কি নেবেন না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমরা মনে করি, জনগণের সিদ্ধান্তকে সম্মান জানাতে সংসদে শপথ নিতে হবে।”মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল।সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নবনির্বাচিতরা সে অনুযায়ী সংসদের শপথ কক্ষে উপস্থিত হন। সাড়ে ১০টায় তাদের সামনে মাইক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছেন না।হাতে ফর্ম দেখিয়ে তিনি বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে এবং কোনো এরকম ফর্ম—এটা সংবিধানে নেই।“এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এই রকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি।”দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।পরে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।এরপর দ্বিতীয় বৃহত্তম দল জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল ও স্বতন্ত্র সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বেলা সোয়া ১২টা পর্যন্ত তা শুরু হয়নি।